সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৬:১২ পিএম
জুলাই সনদের আইনি ভিত্তি ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) দলের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নেতারা বলেন, জুলাই সনদ জাতির মুক্তির সনদ এবং এটি উপেক্ষা করা হলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসবে।
রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ে তাদের ঘোষিত ৫ দফা দাবি নিয়ে আলোচনা হয়। নেতারা বলেন, জুলাই সনদ কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে ১৮ সেপ্টেম্বর ঢাকায় এবং ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। খেলাফত মজলিস জানায়, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের অধিকার আদায়ে শেষ পর্যন্ত রাজপথে থাকবে।
এছাড়া, বৈঠকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সফররত দলের আমির মাওলানা মামুনুল হকের সফর নিয়েও আলোচনা হয়। নেতারা এই সফরকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এটি বাংলাদেশ ও আফগানিস্তানের জনগণের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে, শিশুদের নৈতিক ও চারিত্রিক বিকাশের স্বার্থে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন