শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৫১ পিএম

নির্বাচনে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তারেক রহমান

ছবি - সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জয়-পরাজয়ের ক্ষেত্রে প্রবাসীদের ভোট বড় ভূমিকা পালন করবে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন।

প্রতিটি প্রবাসী ভোট যেন ধানের শীষের পক্ষে আসে, সেজন্য এখন থেকেই উদ্যোগ নিতে হবে।স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর, ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যক্তিগত মোবাইল ফোনে যুক্ত হয়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, প্রবাসে বসবাসকারী বিএনপির প্রতিটি কর্মীকে এখন থেকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

তিনি জোর দিয়ে বলেন:"মনে রাখতে হবে, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।"তিনি আরও বলেন, দেশ গঠনে ভূমিকা রাখার সময় এসেছে। সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তারেক রহমান আগামী নির্বাচনে প্রবাসীদের বিশাল ভোটারের কথা স্মরণ করিয়ে দেন:"আপনারা মনে রাখবেন প্রায় ৫০ লাখ প্রবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। ১৩ কোটি ভোটারের মধ্যে এটি অনেক বড় সংখ্যা।"

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সবাইকে ভোটার হওয়ার ক্ষেত্রে সাধ্যমতো চেষ্টা করতে হবে। যাদের কাগজপত্র কিংবা নির্বাচন কমিশন ঘোষিত নথিপত্র প্রয়োজন, তাদের কাছে গিয়ে সহযোগিতা করার ব্যবস্থা করতে হবে।নিউইয়র্কে আয়োজিত এ সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।