সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:৪৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপি ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। তার দল সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। তিনি হুঁশিয়ারি দেন, "কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।" তিনি মনে করেন, দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। তিনি বলেন, “দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে, জনগণ তাদের প্রতিহত করবে।”
সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি পিআর (Proportional Representation) পদ্ধতির সমালোচনা করে বলেন, এই পদ্ধতি দেশে সবসময় 'ঝুলন্ত পার্লামেন্ট' ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন