সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:১১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে মাওলানা তারেক মনোয়ারের সাম্প্রতিক বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।
আজ ৩০ সেপ্টেম্বর দেওয়া বিবৃতিতে তিনি বলেন, "কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার একটি ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।
" তিনি উল্লেখ করেন, মাওলানা তারেক মনোয়ার ইতোমধ্যে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এর পরও এই বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক এবং অনভিপ্রেত।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাঁদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি।
তাঁরা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়াচ্ছেন। তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন