অক্টোবর ২, ২০২৫, ০২:২৫ পিএম
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এবং অবৈধভাবে আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজের এই বহরটি ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এই বহরে ৪৪টিরও বেশি দেশের প্রায় ৫০০ সচেতন নাগরিক অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে মানবাধিকারকর্মী এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যরাও ছিলেন। নৌবহরটি গাজার উপকূলের নিকটবর্তী হলে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয় এবং ৯টিরও বেশি জাহাজকে আটক করে নিয়ে যাওয়া হয়।
শিবির নেতারা মনে করেন, মানবিক সহায়তাবাহী এই বহরে ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক আইন, সামুদ্রিক সুরক্ষা বিধান এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।তাঁরা উল্লেখ করেন, অবরুদ্ধ গাজা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আছে। দখলদার ইসরায়েল ৬৬ হাজারেরও বেশি মানুষকে শহীদ করেছে, যার অধিকাংশই শিশু ও নারী। এমন পরিস্থিতিতে ফ্লোটিলার মতো উদ্যোগ মানবতার জন্য আশার প্রদীপ।
এখানে একটা বিষয় পরিষ্কার: বিশ্ব যখন মানবিক সহায়তামূলক এই যাত্রাকে স্বাগত জানাচ্ছে, তখন ইসরায়েল এটিকে 'উস্কানিমূলক' মন্তব্য করে বৈশ্বিক মানবতাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।শিবির নেতারা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো ইসরায়েলকে তার এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা এবং বহরের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা।
তাঁরা বিশেষ করে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতিও এই ঘটনার তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
ছাত্রশিবির গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী, বিশেষত বৃটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি এবং বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন