অক্টোবর ২, ২০২৫, ০৭:১৫ পিএম
নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।শামসুজ্জামান দুদু মনে করেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি।
কিন্তু এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে, জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা একা নির্বাচনে যাবে না—এটা বলা ঠিক নয়।বিএনপির ভাইস চেয়ারম্যান নিশ্চিত করেছেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যেই আছে। তিনি বলেন, পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি হচ্ছে সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে।
তিনি জানান, বিএনপি তাদের ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করবে। এই দাবির ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।পূজা মণ্ডপ পরিদর্শন শেষে শামসুজ্জামান দুদু সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।পরে তিনি হিন্দু নেতাদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন। তাঁর প্রত্যাশা, ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন