সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধানের দোহাই দিয়ে সংস্কার ব্যাহত করা যাবে না: আতাউর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৮:০৯ পিএম

সংবিধানের দোহাই দিয়ে সংস্কার ব্যাহত করা যাবে না: আতাউর রহমান

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদে উল্লেখিত রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারকে ব্যাহত করা যাবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সরকার গঠন যেহেতু পুরোপুরি সংবিধান মেনে হয়নি, তাই এখন সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানকে অজুহাত হিসেবে দাঁড় করানো উচিত হবে না।

রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।গাজী আতাউর রহমান বলেন, “আমরা রাজনৈতিক সংগঠনসমূহ মিলে একটা সনদ তৈরি করেছি। সেই সনদ আমাদের সকল প্রত্যাশা পূরণ না করলেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। এখন এটা বাস্তবায়ন করা সরকারের কাজ।”

তিনি সরকারকে সতর্ক করে বলেন, এই বাস্তবায়নের বিষয়টি যদি রাজনৈতিক তর্কের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে জটিলতা আরও বাড়বে। তার মতে, জুলাই সনদের বাস্তবায়ন পরবর্তী সংসদের ওপর ন্যস্ত করলে রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারের অঙ্গীকার ব্যাহত হবে এবং জুলাই অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ বৃথা যাবে।

তিনি আরও বলেন, “আমরা সেটা হতে দিতে পারি না। তাই সরকারকে বলবো, অভ্যুত্থানের প্রত্যাশাকে আমলে নিয়ে দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়ন করুন।”