অক্টোবর ৮, ২০২৫, ০৫:২৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে ইইউ এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল স্বভাবতই নির্বাচন। ইইউ অবজারভার পাঠাবে। তারা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে।”
তিনি আরও বলেন, “বিদেশিদের কাছে আমাদের নালিশ করার কিছু নেই। বাংলাদেশে কী হবে, তা এদেশের জনগণই ঠিক করবে। তবে ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে চায় এবং তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগ্রহী।”
আমীর খসরু জানান, বৈঠকে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে আরও কার্যকর করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন