বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

যাকে খুশি তাকে দেবো’ স্লোগান কেন চলবে না? যা বললেন জামায়াত নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১১:০১ এএম

যাকে খুশি তাকে দেবো’ স্লোগান কেন চলবে না? যা বললেন জামায়াত নেতা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১০ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’—এই স্লোগান আর চলবে না। কারণ, ভোট একটি পবিত্র আমানত।”শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পেরুল উত্তর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনার এই আমানত বা ভোটে নির্বাচিত হওয়ার পর ওই প্রতিনিধি যদি খুন করে কিংবা জনগণের চাল, ডাল, ডিম চুরি করে, তাহলে সেই পাপের দায়ভার আপনাকেই নিতে হবে। তাই অবশ্যই সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী দেখে ভোট দিতে হবে।”মাওলানা ইয়াসিন আরাফাত আরও বলেন, “আমরা সবার জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে চাই।

আমাদের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের উপাসনালয়ও পাহারা দেওয়া লাগবে না। আমরা জন্মগত অধিকার নিয়েই এই সমাজে বসবাস করব।”

তিনি বলেন, দেশে দখলদারি, ব্যালট বাক্স ছিনতাই এবং টাকার নির্বাচন বন্ধ করার জন্যই জামায়াতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির প্রস্তাব করেছে, যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী।