অক্টোবর ১১, ২০২৫, ১০:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হলো বর্তমান সংবিধানের আওতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।” তিনি বলেন, গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন এবং সেখান থেকেই প্রকৃত সংস্কার শুরু হতে পারে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর মৌচাকের কসমস সেন্টারে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতির বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে শতভাগ ঐকমত্য সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিতে হবে। জনগণই ঠিক করবে কোন পদ্ধতি দেশের জন্য ভালো। এসব বিষয়ে পরবর্তী নির্বাচিত সংসদেই আলোচনা হতে পারে।”তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর দিয়েই আমাদের সংস্কার আনতে হবে।
জনগণের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যদি গণতন্ত্রে বিশ্বাস থাকে, তবে জনগণকেই হতে হবে এর কেন্দ্রবিন্দু।”একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “কিছু রাজনৈতিক দল হয়তো সংসদে অতিরিক্ত কয়েকটি আসনের আশায় পিআর ব্যবস্থা চাইছে। কিন্তু গণতান্ত্রিক সংস্কার কেবল আসনের হিসাব নয়, বরং এটি জনগণের অংশগ্রহণ ও দায়বদ্ধতার প্রতীক হওয়া উচিত।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন