অক্টোবর ১১, ২০২৫, ১১:২১ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, “চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চলছে। আমরা সংস্কারের বিরোধী, এমন অপপ্রচার চালানো হচ্ছে। অথচ সংস্কারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই।”
শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। পুরো দেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে।” এ সময় তিনি ভারতের সমালোচনা করে বলেন, “দেশটি সীমান্তে আমাদের নাগরিক হত্যা করছে, ফারাক্কার পানি ছেড়ে ক্ষতি করছে। আমরা ভারতের সঙ্গে সমানে সমান সম্পর্ক চাই, কোনো অবিচার চাই না।”
সভায় তিনি হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানকে আগামী নির্বাচনে কাপাসিয়া আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।এদিকে, একই দিনে গাজীপুর মহানগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। বিভেদ ও বিভাজন সৃষ্টি করে আমাদের দুর্বল করার অপচেষ্টা চলছে।” তিনি বলেন, ঐক্যই সবচেয়ে বড় শক্তি এবং এই ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলনের অর্জন ব্যর্থ হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন