সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টালবাহানা চলবে না’, পিআরের দাবিতে রাজপথে ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০১:২৩ পিএম

টালবাহানা চলবে না’, পিআরের দাবিতে রাজপথে ইসলামী আন্দোলন

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “টালবাহানা করে কোনো লাভ হবে না। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করা হবে।”মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক বিশাল মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতারা এই কঠোর বার্তা দেন।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীসহ সাতটি সমমনা দলের সঙ্গে যুগপৎভাবে ইসলামী আন্দোলনও এই কর্মসূচি পালন করে। ইসলামী আন্দোলনের উদ্যোগে ঢাকার শাপলা চত্বর এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাই অভ্যুত্থানের রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিদায় করা। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি, যাতে ভবিষ্যতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে না পারে।”

তিনি বলেন, “সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে আমাদের ৫ দফা দাবি মেনে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা। গণদাবি উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না।”মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ এবং যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।