অক্টোবর ২১, ২০২৫, ০৭:০২ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (প্রধান উপদেষ্টার বাসভবন) প্রবেশ করে।
প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব ছাড়াও রয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।বৈঠকে যোগদানের আগে, প্রতিনিধি দলের সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে সন্ধ্যা ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি।”
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তিনি জানান, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলব।”ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের চার দিন পর এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন