সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললো বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৮:১১ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললো বিএনপি

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা আহ্বান করে আসছি, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ভূমিকা পালন করতে হবে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর, তারা এখনো প্রশাসনে আছে। তাদের সরিয়ে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনেও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে, সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে দলীয়করণমুক্ত করতে হবে।”বিএনপি মহাসচিব জানান, “একই সঙ্গে সরকারের মধ্যে (উপদেষ্টা পরিষদে) যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাহলে তাদের অপসারণ করার দাবিও আমরা জানিয়ে আসছি।”

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।