অক্টোবর ২১, ২০২৫, ১১:১১ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো সংশয় ও সন্দেহ কাটেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, “রাজনৈতিক দলসমূহের কারো কারো উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য, সরকারের অকার্যকারিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতাসহ বিভিন্ন কারণে এখনো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ অব্যাহত রয়েছে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সাইফুল হক সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, “গত কয়েকদিন ধরে প্রথমে ঢাকার মিরপুরে, তারপর চট্টগ্রামে ইপিজেডে এবং সবশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়ারহাউজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিছক দুর্ঘটনা বলে মনে হয় না। এসব ঘটনা পরিকল্পিত কোনো নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা দরকার।”
তিনি এসব ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেন এবং নিহতদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।সংবাদ সম্মেলনে সাইফুল হক ‘গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা’সহ আট দফা দাবিতে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রকৃতপক্ষে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করতে হবে। এ জন্য সরকারকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করতে হবে।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন