অক্টোবর ২৪, ২০২৫, ০৭:৪২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার পদত্যাগের বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, তিনি এনসিপির সঙ্গেই আছেন এবং সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত দলের সাথেই থাকবেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।হঠাৎ কেন এই পদত্যাগের গুজব ছড়ালো, এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমের একাংশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।’ তিনি এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।’এনসিপির এই শীর্ষ নেতা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের আমলে দুর্নীতির যে ভয়াবহ ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারের আমলেও সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র পর্যন্ত সবাই মিলে সেই একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, মিলিটারি ও পুলিশে যে সংস্কারগুলো প্রয়োজন এবং বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টে কোথায় ব্যত্যয় ঘটেছে, এগুলো নিয়েই প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীর নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল থাকার কারণে সেখানে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন, তারাও অনেক সময় অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী এ সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চারও আহ্বান জানান। উল্লেখ্য, গতরাতে গুঞ্জন ছড়িয়ে পড়ার পরপরই এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টিকে গুজব বলে নাকচ করে দেওয়া হয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন