বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৭:০৬ পিএম

দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশের যে সংকট, তা অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। তবে তিনি বিশ্বাস করেন, সেই সংকট কেটে যাবে। এদেশের জনগণ সব সময় দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ ছিল এবং আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত কয়েক বছরে কাজ করে যে ঐক্য তৈরি হয়েছে, সদ্য সমাপ্ত গণঅভ্যুত্থানে তারই প্রমাণ মিলেছে। তিনি বলেন, ‘আমি প্রায়ই বলতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন তরুণ বের হয়ে আসছে না। অথচ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং সারা বাংলাদেশ থেকে তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার মনোভাব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আজকে যে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, আমি বিশ্বাস করি সেই সংকট কেটে যাবে।... পূর্বে যেমন আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করেছি, আগামীতেও সহযোগিতা করতে চাই।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে গণমানুষের মুক্তির জন্য যতটি আন্দোলন হয়েছে, গণসংহতি আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে যুক্ত থেকেছে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো যদি জনগণের স্বার্থ নিয়ে নীতি তৈরি না করে, শিক্ষা ও বাসস্থানসহ মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয়, তাহলে সেই গণতন্ত্র ধ্বসে পড়ে এবং ফ্যাসিবাদ তৈরি করে।

তিনি সংস্কার কার্যক্রমের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো সংবিধান তৈরি হবে না। জনগণের নির্বাচিত সংসদ ছাড়া কোনো সংস্কার হবে না।’ তিনি অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দলের সঙ্গে কোনো বৈষম্য না করে ঐক্য তৈরির আহ্বান জানান। সাকি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে ধারণ না করে, তাহলে কোনো পরিবর্তন দেশে আসবে না।’

গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।