বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

স্বাক্ষরের পর জুলাই সনদ সংশোধন করা যাবে না‍‍`: রাশেদ খাঁন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৭:৩১ পিএম

স্বাক্ষরের পর জুলাই সনদ সংশোধন করা যাবে না‍‍`: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন 'জুলাই সনদ' প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ঐতিহাসিক এই সনদটিতে স্বাক্ষর হওয়ার পর নতুন করে কোনো ধরনের সংশোধন, সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নেই। বুধবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

রাশেদ খাঁন তার পোস্টে স্পষ্ট ভাষায় লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোন সুযোগ নেই। যে লেখায় স্বাক্ষর হয়েছে, সেই লেখা অনুযায়ী বাস্তবায়ন ও আইনগত ভিত্তি হবে। এর বাইরে নতুন করে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই।’তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের রীতিনীতি কারও ব্যক্তিগত আবেগ, অনুভূতি বা আবদার অনুযায়ী পরিবর্তন হতে পারে না।

যেসব রাজনৈতিক দল এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাদের প্রতি ইঙ্গিত করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘কোন একটি দল স্বাক্ষর করে নাই বলে তাদের স্বাক্ষর করাতে বাকিদের সাথে প্রতারণা করবেন, সেটি করতে গেলে প্রতিরোধেও মুখোমুখি হবেন।’ তিনি বিকল্প হিসেবে বলেন, ‘যদি পারেন, তাদের হাত পা ধরে স্বাক্ষর করান বা তাদের জন্য তাদের মন মতো আলাদা জুলাই সনদ তৈরি করে স্বাক্ষর নেন। আমরা যেটাতে স্বাক্ষর করেছি, ওটাই আমাদের জুলাই সনদ।’

পোস্টের শেষে রাশেদ খাঁন অন্তর্বর্তী সরকারকে একটি কড়া ভাষায় সতর্ক করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা সংস্কার আন্দোলনের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে আনেন। তিনি লেখেন, ‘পরিশেষে হাসিনা কোটা সংস্কার নিয়ে প্রতারণা করে বিদায় নিয়েছে, জুলাই সনদে স্বাক্ষর নিয়ে প্রতারণা করলে, আপনাদেরও বিদায় নিতে হবে।’ তিনি তার বক্তব্য শেষ করেন এই বলে, ‘সোজা কথা আমার স্বাক্ষর নিয়ে আমি কাউকে প্রতারণা করতে দিবো না।