বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৪:০৪ পিএম

নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। আজ রোববার (০২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।জানা গেছে, জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর ইসিতে নিবন্ধন লাভ করেছিল। এক যুগ পর, ২০২১ সালের ২৮ জানুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।

নিবন্ধন বাতিলের সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ১৯ মার্চ রায় প্রদান করেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতেই ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হলো।নিবন্ধন ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কিন্তু আমাদের রাজনীতি বন্ধ করতে পারে নাই। আমরা ধৈর্যের সাথে দেশের পক্ষে রাজনীতি করেছি।

সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।’ তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে 'নতুন বাংলাদেশ' পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এ বিষয়ে বলেন, নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে-কলমে যে কারণই দেখিয়ে থাকুক না কেন, এর মূল কারণ ছিল জাগপার 'ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী' দৃঢ় অবস্থান। তিনি অভিযোগ করেন, ‘ভারতীয় “র”-এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়।’ তিনি আরও বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে।