সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নতুন বাংলাদেশ গড়বে: আমিনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৫:৪৭ পিএম

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নতুন বাংলাদেশ গড়বে: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, তাদের দল আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়— এটাই আমাদের মূল লক্ষ্য।”

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলানির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের জন্য একটি বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।

তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।তিনি বলেন, তাদের লক্ষ্য হলো এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যেখানে শিশুরা শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না। বরং তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক এবং সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারবে।নারী শিক্ষার প্রসারে বিএনপি সরকারের অতীত অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে এই নেতা বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল।

এটি নারী শিক্ষার বিস্তারে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, যার সুফল দেশের সমাজ আজও ভোগ করছে।খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা সারা দেশের প্রতিটি উপজেলায় ইনডোর ফ্যাসিলিটিসসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার ঘোষণা দেন। তিনি মন্তব্য করেন, “খেলাধুলা জাতিকে সুস্থ ও শক্তিশালী করে— তাই খেলাধুলার বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

এছাড়াও, তিনি ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তাদের মহানগরে ১০০টি ওয়ার্ড আছে এবং তারা চেষ্টা করছেন প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে। মাঠগুলো সরকারিভাবে অধিগ্রহণ করে খেলার উপযোগী করা হবে এবং মাঠের চারপাশে বয়স্কদের জন্য হাঁটার পথ সুবিধা থাকবে। তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠবে।