নভেম্বর ৫, ২০২৫, ০৭:৫৪ পিএম
দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৫ নভেম্বর পত্রিকাটিতে “বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছিল।
বুধবার (৫ নভেম্বর) দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় এই তথ্য জানানো হয়। জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগির বিষয়ে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমনকি এ ধরনের কোনো প্রস্তাবও দলের নীতিনির্ধারণী পর্ষদে কখনোই গৃহীত হয়নি বলেও দাবি করেছে এনসিপি।
প্রতিবাদ বার্তায় বলা হয়েছে, এনসিপি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার এবং গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। সেই লক্ষ্যেই দলটি বর্তমানে সারাদেশে তাদের সাংগঠনিক প্রস্তুতি এবং সম্ভাব্য প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে উল্লিখিত তথাকথিত ‘সূত্র’ সম্পূর্ণ অনুমাননির্ভর এবং সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী বলে আখ্যায়িত করেছে এনসিপি। দলটির অভিযোগ, এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ করায় সাধারণ জনগণ বিভ্রান্ত হয়েছে এবং একই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি প্রথম আলো পত্রিকাটির কাছে অবিলম্বে এই বিষয়ে প্রকাশ্যে দুঃখপ্রকাশ এবং প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে। দলটির পক্ষ থেকে পুনরায় স্পষ্ট করা হয়েছে, এনসিপি কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। তারা জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল এবং স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন