শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে নীলফামারীতে জামায়াতের সভা

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৬:২৭ পিএম

ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে নীলফামারীতে জামায়াতের সভা

ছবি: দিনাজপুর টিভি

ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে নীলফামারীতে দলীয় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ সেপ্টেম্বর ঘোষিত এই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় জেলা জামায়াতের কার্যালয় আল হেলাল একাডেমিতে এই সভার আয়োজন করা হয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের সভাপতিত্বে এতে তৃণমূলের শীর্ষ নেতারা অংশ নেন।

তৃণমূল পর্যায়ে প্রস্তুতি জোরদারের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। তিনি লংমার্চ শেষে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত মহাসমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে মাঠ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করে প্রতিটি ইউনিটে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আব্দুর রশীদ ও মো. আনোয়ারুল ইসলাম। পুরো আয়োজনের সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।

সভায় জেলা কর্মপরিষদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন উপজেলার আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিরা অংশ নেন। একই সঙ্গে জেলা ও শহর ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ ও রংপুরের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি টানা হয়।