রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০২:২৬ পিএম

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

নিহত ৫ বাংলাদেশি

মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সেহরি খাওয়ার জন্য রান্নার প্রস্তুতি নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এই মর্মান্তিক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে যে ধীগুরা আইল্যান্ডের ওই লেবার কোয়ার্টারে মোট ৩৮ জন প্রবাসী বাংলাদেশি বসবাস করতেন। ভোরে যখন সেহরি তৈরির কাজ চলছিল তখন হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা সাতজন প্রবাসী গুরুতর অগ্নিদগ্ধ হন এবং কক্ষটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

বাকিরা অন্য কক্ষে ঘুমিয়ে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। স্থানীয় নাগরিক ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।আহত দুই প্রবাসী জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ। এদিকে মালদ্বীপের স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। এই মর্মান্তিক সংবাদে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।