মার্চ ২৬, ২০২৬, ১১:২২ পিএম
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।
পতাকা উত্তোলনের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে দূতাবাসের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়।
আলোচনা সভায় রিয়াদ প্রবাসী বাংলাদেশিদের পক্ষে মামুনুর রশিদ এবং ডা. গোলাম হাসনাইন সোহান বক্তব্য রাখেন। তারা প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশীদার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্যসন্তান এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে প্রবাসী বাংলাদেশিরা বিশ্ব জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে প্রবাসীদের দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, প্রতিটি প্রবাসীর আচরণ ও কাজ বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলে। তিনি প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক অবদান রাখার আহ্বান জানান।
বিরাজমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের স্পর্শকাতর তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন