রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুয়েত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১২:০৬ পিএম

কুয়েত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

ছবি - সংগৃহীত

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতি মোকাবিলায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের আবাসনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সরকারি উদ্যোগে প্রবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।

কুয়েত সরকারের উদ্যোগে হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। সেখানে এয়ারকন্ডিশন সুবিধা, পর্যাপ্ত খাবার এবং পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্রে গিয়ে প্রবাসী নাগরিকদের সার্বিক অবস্থা পরিদর্শন করেছে। পরিদর্শনকালে প্রতিনিধি দল ওইসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেছে।

দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করে অপসারণের লক্ষ্যে এই অভিযান চলছে। আগামীতে দেশটির অন্যান্য এলাকাতেও এই অভিযান অব্যাহত থাকতে পারে। কুয়েত কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাচাই-বাছাই শেষে যাদের বৈধ কাগজপত্র রয়েছে, তাদের আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ প্রবাসীদের নির্বাসন কেন্দ্রের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

দূতাবাস জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে থাকাকালীন বৈধ প্রবাসীরা কাজ বা অন্য কোনো উদ্দেশ্যে বাইরে যেতে পারবেন না। চলমান অভিযানের কারণে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের আবাসনের বৈধতা নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে বাইরে চলাচলের সময় প্রত্যেকের কুয়েতি নাগরিক পরিচয়পত্র বা সিভিল আইডি অথবা প্রয়োজনীয় নথিপত্র সবসময় সাথে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।