বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
সৌদি প্রবাসী ভিসা

সৌদিতে পরিবার নেওয়ার নতুন নিয়ম চালু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৮:৫৬ পিএম

সৌদিতে পরিবার নেওয়ার নতুন নিয়ম চালু

সৌদি আরবে কর্মরত এবং নতুন করে যেতে আগ্রহী যোগ্য উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়মের আওতায় দক্ষ প্রবাসী কর্মীরা নিজেদের কাজের ভিসার (ওয়ার্ক ভিসা) আবেদন প্রক্রিয়া চলমান থাকার সময়েই নির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য সৌদি প্রবেশের ভিসার (এন্ট্রি ভিসা) আবেদন দাখিল করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন এই নীতিমালার ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এই বিশেষ উদ্যোগ কার্যকর করা হয়েছে।

নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, পরিবারের সদস্যদের ভিসার জন্য কর্মীর নিজের কাজের ভিসা সম্পূর্ণ অনুমোদিত হওয়া পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। উপযুক্ত বিদেশি কর্মীর কর্মসংস্থান ভিসার ফাইলটি প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই তার পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদনও একসাথে এগিয়ে নেওয়া যাবে।

তবে এই সুবিধার আওতায় সব পরিবারের সদস্যকে নেওয়া যাবে না।

নির্ধারিত সরকারি মানদণ্ড পূরণকারী উচ্চদক্ষ প্রবাসীরা কেবল তাদের পরিবারের নির্দিষ্ট কিছু সদস্যকে দেশটিতে নিতে পারবেন। এর মধ্যে রয়েছেন কর্মীর স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী পুত্রসন্তান এবং অবিবাহিত কন্যাসন্তান।

প্রবাসীদের মনে রাখতে হবে, পরিবারের সদস্যরা এন্ট্রি ভিসা পেয়ে সৌদি আরবে পা রাখলেই কিন্তু স্থায়ীভাবে বা স্বয়ংক্রিয়ভাবে বসবাসের আইনি অনুমতি পাবেন না।

দেশটিতে প্রবেশের পর সৌদি আরবের প্রচলিত আইন ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা মেনে নির্ধারিত সময়সীমার ভেতরে রেসিডেন্স পারমিট বা ইকামার আবশ্যকীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।

সুবিধাটি পেতে হলে আবেদনকারীকে সৌদি সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অবশ্যই স্বীকৃত ‍‍`উচ্চদক্ষ‍‍` বিদেশি পেশাজীবী হতে হবে। একই সাথে পরিবারের প্রধান হিসেবে তাকে নির্ধারিত আর্থিক ও আইনি শর্ত পূরণ করতে হবে।

কাজের ভিসার জন্য আবেদন করার পাশাপাশি যোগ্য পরিবারের সদস্যদের এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য, সরকারি কাগজপত্র ও প্রাসঙ্গিক সব সহায়ক নথি অনলাইনে জমা দিতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই নতুন পদ্ধতির কারণে সৌদি ভিসা পাওয়ার বিদ্যমান অন্যান্য আইনি শর্তাবলি বাতিল হচ্ছে না।

কর্মী ও পরিবারের সদস্য—উভয়কেই সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক যোগ্যতা বজায় রাখতে হবে। আবেদনের সব শর্ত সঠিকভাবে পূরণ হলেই কেবল কর্মীর ওয়ার্ক ভিসার পাশাপাশি পরিবারের সদস্যদের এন্ট্রি ভিসার অনুমোদন একসঙ্গে মিলবে।

সৌদি সরকারের এই নীতি পরিবর্তন মূলত দেশটিতে কর্মরত চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ এবং উচ্চপর্যায়ের ব্যবস্থাপকসহ বিভিন্ন উচ্চদক্ষ পেশার মানুষদের পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া সহজ করতে নেওয়া হয়েছে।

বিশেষ করে নতুন যারা দেশটিতে যাচ্ছেন, তারা নিজেদের ভিসা চূড়ান্ত হওয়ার আগেই পরিবারের প্রস্তুতি শুরু করতে পারছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষ বিদেশি কর্মী ও তাদের পরিবারের বসবাস প্রক্রিয়া নির্বিঘ্ন করা এবং জীবনযাত্রার মান বাড়ানোর লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এই সংস্কার আনা হয়েছে।