সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সহজ উপকরণে ঘরেই বানান শাহী স্বাদের চিকেন রেজালা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ১০:৫৭ পিএম

সহজ উপকরণে ঘরেই বানান শাহী স্বাদের চিকেন রেজালা

ছবি - সংগৃহীত

বাঙালি মানেই ভোজনরসিক, আর যেকোনো উৎসব-আয়োজনে রেজালা ছাড়া যেন চলেই না। তবে গরু বা খাসির মাংসের বদলে মুরগি দিয়েও যে অসাধারণ স্বাদের শাহী রেজালা তৈরি করা যায়, তা হয়তো অনেকেই জানেন না। একই রকম মুরগির ঝোল বা কষা খেতে খেতে একঘেয়েমি লাগলে, আজই রান্না করে ফেলুন এই পদটি। পোলাও, নান বা রুমালি রুটির সঙ্গে চিকেন রেজালা এক কথায় অনবদ্য।

প্রয়োজনীয় উপকরণ এই শাহী পদটি বানাতে প্রয়োজন হবে মুরগির মাংস, এবং ম্যারিনেট করার জন্য টক দই, গোলমরিচ গুঁড়া ও লবণ। গ্রেভির জন্য লাগবে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাজুবাটা, পোস্ত বাটা এবং ফেটানো টক দই। ফোড়নের জন্য প্রয়োজন গোটা শুকনা মরিচ, তেজপাতা, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ ও দারচিনি। রান্নার জন্য লাগবে সাদা তেল ও ঘি এবং স্বাদমতো লবণ ও চিনি।

সবশেষে সাজানোর জন্য পেঁয়াজের রিং ও কয়েকটি কাঁচামরিচ।যেভাবে তৈরি করবেন প্রথমে মুরগির মাংসের টুকরোগুলোকে দুই চামচ টক দই, গোলমরিচ গুঁড়া এবং অল্প লবণ দিয়ে ভালোভাবে মেখে এক ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইতে পরিমাণমতো সাদা তেল ও এক চামচ ঘি গরম করে তাতে গোটা শুকনা মরিচ, তেজপাতা এবং গোটা গরম মসলাগুলো ফোড়ন দিন।

সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর ফেটানো টক দই, কাজুবাটা ও পোস্ত বাটার মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে স্বাদমতো লবণ, সামান্য চিনি এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিন। এবার ম্যারিনেট করে রাখা মুরগির মাংস কড়াইতে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিন।

প্রয়োজনে সামান্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।মাংস সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে পেঁয়াজের রিংগুলো ছড়িয়ে দিয়ে আরও তিন মিনিটের জন্য দমে রাখুন। সবশেষে গরম মসলার গুঁড়ো ছড়িয়ে এক মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আপনার শাহী চিকেন রেজালা।