সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঘরেই কীভাবে বানাবেন রেস্টুরেন্টের স্বাদের মাছের পোলাও?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:৫১ এএম

ঘরেই কীভাবে বানাবেন রেস্টুরেন্টের স্বাদের মাছের পোলাও?

ছবি - সংগৃহীত

মাছে-ভাতে বাঙালির পাতে মাছ না থাকলে ভোজটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। প্রতিদিন একইরকম মাছের ঝোল বা ভাজা খেতে খেতে একঘেয়েমি চলে আসাটাও স্বাভাবিক। এই সময়ে খাবারের স্বাদে ভিন্নতা আনতে খুব সহজেই রান্না করে ফেলতে পারেন সুস্বাদু মাছের পোলাও। পোলাওয়ের সুগন্ধের সঙ্গে মাছের স্বাদ মিলেমিশে এক অপূর্ব স্বাদের জন্ম দেয়, যা ছোট-বড় সবারই ভালো লাগে।

এই মুখরোচক ও স্বাস্থ্যকর পদটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো—বাসমতি চাল ১ কেজি, কাঁটা কম আছে এমন বড় মাছের ১২টি টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ (বেরেস্তার জন্য), পেঁয়াজ বাটা ১ কাপ, গোটা জিরা ১ চা চামচ, গোলমরিচ ১ চা চামচ, অর্ধেকটা জায়ফল, ৪-৫টি লবঙ্গ, ১ টুকরো দারুচিনি, ৬টি ছোট এলাচ, ২টি তেজপাতা, আধা কাপ কিশমিশ, পরিমাণমতো চিনি, স্বাদমতো লবণ এবং ১ কাপ ঘি বা তেল।

প্রথমে মাছের টুকরোগুলোতে আদা বাটা, লবণ ও টক দই মাখিয়ে ১৫ মিনিটের জন্য মেরিনেট করে রাখুন। আরেকটি পাত্রে চাল সেদ্ধ করার জন্য পানি দিন। এবার অল্প করে জিরা, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ ও এলাচ একটি পরিষ্কার কাপড়ে পুঁটলিতে বেঁধে চাল সেদ্ধ করার হাঁড়িতে দিয়ে দিন। চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেলে সাবধানে মাড় ঝরিয়ে ছেঁকে তুলে রাখুন।

একটি বড় কড়াইতে ঘি বা তেল গরম করে কিশমিশগুলো ভেজে তুলে নিন। এরপর ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো সোনালি করে ভেজে বেরেস্তা তৈরি করে তুলে রাখুন।

এবার সেই পাত্রে আরও কিছুটা তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে শুরু করুন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে অল্প আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে একবার ঢাকনা খুলে সামান্য চিনি ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে মাছগুলো আলতো করে উল্টে দিন। পানি শুকিয়ে গিয়ে তেল ওপরে ভেসে উঠলে মশলা থেকে মাছের টুকরোগুলো সাবধানে তুলে ফেলুন।

সবশেষে, ওই পাত্রে থাকা মশলার ওপর অর্ধেক সেদ্ধ করে রাখা চালের একটি স্তর দিন, তার ওপর রান্না করা মাছের টুকরোগুলো সাজিয়ে দিন। এর ওপরে বাকি চালটুকু দিয়ে দিন। সবশেষে ওপরে ভাজা কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। হাঁড়ির মুখ ভালোভাবে চাপা দিয়ে অল্প আঁচে ২০ মিনিট দমে রাখুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাছের পোলাও।