রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কান্তজীউ মন্দিরে ভারতীয় হাই কমিশনের দীপাবলি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

মো. মামুনুর রশিদ

ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১১ পিএম

কান্তজীউ মন্দিরে ভারতীয় হাই কমিশনের দীপাবলি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি-দিনাজপুর টিভি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব দীপাবলিকে সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে স্থান দেওয়া হয়েছে। ইউনেস্কো কর্তৃক এই অর্জনকে স্বাগত জানাতে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা ও হাজারো প্রদীপ জ্বালিয়ে উৎসবের আয়োজন করে ভারতীয় হাই কমিশন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ইউনেস্কো কর্তৃক দীপাবলিকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করার এই স্বীকৃতি স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়।

টেরাকোটায় সমৃদ্ধ উপমহাদেশের প্রাচীন কীর্তি নিদর্শন কান্তজীউ মন্দির প্রাঙ্গণকে হাজারো প্রদীপ আর আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল।

ভারতীয় সহকারী হাই কমিশনার মনে করেন, এই সাংস্কৃতিক উদযাপন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে। ইউনেস্কো কর্তৃক সংস্কৃতি ও ঐতিহ্যের এই গর্বের উৎসব পালন দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে।ভারতীয় হাই কমিশনের আয়োজনে ছিল দেশি ও বিদেশি শিল্পীদের মনোমুগ্ধকর নাচ। বিশেষ করে বাংলাদেশে অধ্যয়নরত ভারত ও নেপালের শিক্ষার্থীদের মন মাতানো নাচ দর্শকদের মুগ্ধ করেছে।

প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের মঙ্গল কামনা করা হয় এই অনুষ্ঠানে।ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আলোর এই দীপ্তিময় উৎসব আজ ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল এবং পৌরাণিক মহাকাব্যের দৃশ্যমান কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।