বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১, ২০২৬, ০২:৪৬ পিএম

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ঐতিহ্য ও টেরাকোটা শিল্পের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, এই সৌহার্দ্যপূর্ণ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধন আরও সুদৃঢ় হবে। মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের সার্বিক আয়োজনে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডিনেন ডাত্ত এবং প্রটোকল অফিসার ক্লারিয়ান। মঙ্গলবারে মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন। এর পর রাষ্ট্রদূত মন্দিরটির অসাধারণ স্থাপত্যশৈলী ও দেয়ালজুড়ে থাকা বিখ্যাত পোড়ামাটির ফলক বা টেরাকোটা ঘুরে দেখেন। 

মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পৌরাণিক উপাখ্যান এবং তৎকালীন লোকজীবনের দৃশ্য ফুটিয়ে তোলার কারুকাজ দেখে তিনি দারুণ মুগ্ধতা প্রকাশ করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত মন্দিরের স্থানীয় সেবায়েত, প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুলেল তোরা ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনের পর মার্কিন রাষ্ট্রদূত নয়াবাদ মসজিদও পরিদর্শন করেন। পরিশেষে তিনি পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনগুলোর সংরক্ষণ ও উন্নয়নে আগামী দিনেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।