মার্চ ৭, ২০২৬, ০৯:০৫ পিএম
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও মহাকাশ গবেষণার তথ্যানুযায়ী আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি এক সাম্প্রতিক প্রতিবেদনে এই সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে। সংস্থাটির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, চলতি হিজরি ১৪৪৭ সনের রমজান মাসটি ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর ফলে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর পালিত হতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মার্চ বুধবার রমজান মাসের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে।
ফলে ওই রাতে পশ্চিম আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। এর অর্থ হলো ১৮ মার্চ রাতেও রমজান মাস চলবে এবং ১৯ মার্চ বৃহস্পতিবার হবে রমজানের ৩০তম তথা শেষ দিন।
১৯ মার্চ শারজাহর স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিটে নতুন চাঁদের সৃষ্টি হবে। সূর্যাস্তের সময় ওই চাঁদের বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা এবং তা দিগন্তের ওপরে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদটি দিগন্তে থাকবে বলে হিসাব করা হয়েছে।তবে জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন যে, ১৯ মার্চ আরব আমিরাতসহ অনেক এলাকায় চাঁদ দেখার পরিস্থিতি বেশ জটিল হতে পারে। এমনকি সাধারণ টেলিস্কোপ ব্যবহার করেও ওই দিন চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে। তবে উন্নত প্রযুক্তি যেমন ইমেজ স্ট্যাকিং পদ্ধতির মাধ্যমে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।
ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের পশ্চিমাংশের কিছু মুসলিম দেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হিসাবের ভিত্তিতেই অধিকাংশ দেশে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেসব দেশ শুধুমাত্র স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেসব দেশে পরদিন অর্থাৎ ২১ মার্চ শনিবার ঈদ উদযাপিত হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য চাঁদ দেখার ওপর ভিত্তি করেই স্ব স্ব দেশের জাতীয় কমিটি ঘোষণা করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন