শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ১১:২১ এএম

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

ঈদের সম্ভাব্য তারিখ

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নিয়ে দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এ বছর বাংলাদেশে কবে ঈদ হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। ওই দিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। 

কমিটির পক্ষ থেকে সেদিন সন্ধ্যায় সারা দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হবে এবং এর ওপর ভিত্তি করেই ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুসারে, ১৮ মার্চ নতুন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তবে ১৯ মার্চ ভোরের দিকে নতুন চাঁদের জন্ম হবে এবং সেদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে। 

যদি আকাশ মেঘমুক্ত থাকে তবে সেই সন্ধ্যায় চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জ্যোতির্বিজ্ঞানীরা মত দিয়েছেন। তাদের হিসাব বলছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর পালিত হতে পারে।ভৌগোলিক কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। 

সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জনপ্রশাসন মন্ত্রণালয়ও তাদের বার্ষিক ছুটির ক্যালেন্ডারে ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির পরিকল্পনা সাজিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের দীর্ঘ ছুটি আগে থেকেই নির্ধারিত রয়েছে। তবে ধর্মীয় রীতি অনুযায়ী শরীয়তের বিধান মেনে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে চাঁদ দেখা কমিটি।