রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বের বিভিন্ন দেশে কবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে?

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ১০:১৩ এএম

বিশ্বের বিভিন্ন দেশে কবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে?

বিশ্বের বিভিন্ন দেশে ঈদ

বিশ্বজুড়ে পবিত্র রমজান মাস শেষে এখন শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে। ভৌগোলিক অবস্থান এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিন্নতার কারণে বিভিন্ন দেশে ঈদের তারিখে কিছুটা পার্থক্য দেখা দিয়েছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শুক্রবার অর্থাৎ ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার সন্ধ্যায় এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।সৌদি আরবের সুপ্রিম কোর্ট এবং রাজকীয় আদালত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বুধবার চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর হিসেবে গণ্য হবে। 

কাতার ও বাহরাইনও একই ধরনের ঘোষণা প্রদান করেছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাদের দেশেও ৩০ দিনের রোজা শেষ হচ্ছে এবং শুক্রবারই হবে ঈদের দিন। অন্যদিকে তুরস্কের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সে দেশের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে তুরস্ক সরকারও শুক্রবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে।এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর কিছুটা ভিন্ন সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে যে বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার অর্থাৎ ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। 

অন্যদিকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে যে মহাদেশটিতে শুক্রবারই ঈদ পালিত হবে। ফতোয়া কাউন্সিল এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারগুলোর সমন্বিত মতামতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। ভৌগোলিক কারণে সময়ের পার্থক্য থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বজুড়ে এই উৎসব উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।