মার্চ ১৯, ২০২৬, ০৪:২৯ পিএম
শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার এবং মালিতে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রীয় কর্তৃপক্ষ শাওয়ালের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করার পর রাতেই ঈদের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সকালেই এসব দেশের মুসলিমরা জামাতে অংশ নিয়ে ঈদ উদযাপন করছেন।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বৈশ্বিকভাবে প্রতি বছরই ঈদের তারিখ ভিন্ন ভিন্ন দিনে হয়ে থাকে। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রনির্ভর হওয়ায় এক অঞ্চলে চাঁদ দৃশ্যমান হলেও অন্য অঞ্চলে তা দেখতে সময়ের প্রয়োজন হয়।
এই কারণেই বিশ্বের কিছু দেশে ২৯ রোজা শেষে ঈদ পালিত হচ্ছে, আবার অনেক দেশে ৩০ রোজা পূর্ণ করে ঈদ পালন করা হবে।তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবসহ বিশ্বের আরও ২৩টি দেশ আগামীকাল শুক্রবার ২০ মার্চ ২০২৬ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে আজ বৃহস্পতিবার ৩০তম রোজা পালন করা হচ্ছে।
শুক্রবার ঈদের প্রথম দিন উদযাপন করবে এমন দেশগুলোর তালিকায় রয়েছে মালদ্বীপ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত এবং লেবানন। এছাড়া ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুনেও আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডাও আগামীকাল ঈদ পালনের ঘোষণা দিয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঁদ দেখার এই ভিন্নতার কারণে মুসলিম উম্মাহর প্রধান এই উৎসবটি বৈশ্বিক টাইম জোন অনুযায়ী দুই বা তিন দিনে বিভক্ত হয়ে পড়ে। আফগানিস্তানসহ তিনটি দেশে আজ উৎসবের আমেজ থাকলেও সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো এখন চাঁদ দেখার ফলাফলের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষে শুক্রবারের অপেক্ষায় রয়েছে। ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর ভ্রাতৃত্ব ও সংহতির বার্তা নিয়ে আসে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা নিজ নিজ দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন