রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিমা প্রদর্শনী ও সিঁদুর দান অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৭:২৪ পিএম

প্রতিমা প্রদর্শনী ও সিঁদুর দান অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড়

ছবি - সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। টাঙ্গাইল জেলার ১২ উপজেলায় এবার মোট ১২৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর, কালিহাতী, মির্জাপুর, নাগরপুর ও মধুপুরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি অনুযায়ী অশ্রুসিক্ত নয়নে মা দুর্গার বিসর্জন সম্পন্ন হয়।জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৌলতপুর খেলার মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রতিমা প্রদর্শনী ও সিঁদুর দান অনুষ্ঠান।

শত বছরের বেশি পুরনো এই অনুষ্ঠানটি এলাকায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে দেখা যায়, শত বছরের পুরনো এই অনুষ্ঠানে আশেপাশের এলাকার মণ্ডপগুলোর দুর্গা প্রতিমা দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে। নিকটবর্তী কয়েকটি উপজেলার হাজার হাজার দর্শনার্থী এসেছেন প্রতিমা দর্শন করতে।

ভক্তি নিবেদন: হিন্দু নারীরা সিঁদুর, ধান, দুর্বা ও আলোকবাতি দিয়ে প্রতিমাগুলোতে ভক্তি নিবেদন করেন।আরতি প্রদর্শন: উলুধ্বনি আর ঢাকঢোলের বাজনার তালে তালে নারী-পুরুষদের আরতি প্রদর্শন চলে।পরে নারান্দিয়া, নগরবাড়ী ও দৌলতপুর গ্রামের প্রতিমাগুলো মাঠের পাশে লৌহজং নদীর জলে ডুবানো হয়। নারান্দিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানে সহযোগিতা করে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট কমিটি।

অনুষ্ঠান শেষে পূজারী, দর্শনার্থী ও আয়োজকরা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সমাপ্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।বিজয়া দশমী উপলক্ষে নারান্দিয়ায় তিন দিনব্যাপী দশমীর মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এটি চলবে আগামী শনিবার পর্যন্ত। মাঠের মধ্যে আসবাবপত্র, বাহারি খাবার, খেলনা, মাটির হাঁড়িপাতিল বিক্রির অসংখ্য দোকান বসেছে।

ধারণা করা হচ্ছে, এই তিন দিনে মেলাতে কোটি টাকার কেনাবেচা হবে।অনুষ্ঠান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, সেনাবাহিনী, আনসার, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করেন।