অক্টোবর ৮, ২০২৫, ১১:১৫ পিএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে এক ব্যতিক্রমী ও সৃজনশীল কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’। ঘৃণার বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআনের বাংলা অনুবাদসহ কপি বিতরণ করেন।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে (কেন্দ্রীয় লাইব্রেরির সামনে) এই কর্মসূচি চলে। এ সময় ক্লাবের সদস্যরা প্রায় ১৫০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআনের কপি তুলে দেন।কুরআনের কপি পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবরাহীম ভূঁইয়া বলেন, “কোরআন শরীফ পেয়ে সত্যিই আনন্দিত। অবমাননার প্রতিবাদে এমন ইতিবাচক উদ্যোগ সব ক্যাম্পাসেই ছড়িয়ে পড়া উচিত। ইসলামকে হৃদয়ে ধারণের প্রতীক হিসেবেই আজ কোরআন শরীফ নিতে এসেছি।”
কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। সেই অনুভূতি থেকেই আমরা ঘৃণা বা সংঘাতের পথে না গিয়ে অর্থসহ কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছি, যেন প্রত্যেকের অন্তরে কুরআনের আলো পৌঁছে যায়।” তিনি জানান, কুরআন বিতরণের পাশাপাশি তারা কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছেন।শিক্ষার্থীদের এমন শান্তিপূর্ণ ও জ্ঞানভিত্তিক প্রতিবাদী কর্মসূচি ক্যাম্পাসের সকলের কাছে প্রশংসিত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন