অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৪১ পিএম
আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। আর এই নামাজের জন্য আহ্বানের সুমধুর সুরই হলো আজান। প্রতিদিন পাঁচবার মসজিদের মিনার থেকে ভেসে আসা এই আজানের ধ্বনি ইসলামের এক মহান নিদর্শন। কিন্তু অনেকেই জানতে চান, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান কোথায় এবং কার কণ্ঠে ধ্বনিত হয়েছিল?
ইসলামের প্রাথমিক যুগে মক্কায় আজান ছাড়াই নামাজের জামাত অনুষ্ঠিত হতো। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার পর মুসলমানের সংখ্যা যখন বাড়তে থাকে, তখন সবাইকে নামাজের জন্য একত্রিত করার একটি পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দেয়। হাদিস থেকে জানা যায়, সাহাবায়ে কেরাম এ নিয়ে আলোচনা করেন। কেউ খ্রিষ্টানদের মতো ঘণ্টা বাজানোর, আবার কেউ ইহুদিদের মতো শিঙা ফুঁকানোর প্রস্তাব দেন। কিন্তু কোনোটিই গৃহীত হয়নি।
ঠিক সেই সময়ে, সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.) এক রাতে স্বপ্নে দেখেন, একজন ব্যক্তি তাকে নামাজের জন্য আহ্বানের কিছু বিশেষ বাক্য শিখিয়ে দিচ্ছেন। ভোরে উঠে তিনি রাসুল (সা.)-এর কাছে স্বপ্নের কথা বর্ণনা করলে, নবীজি (সা.) বলেন, “ইনশাআল্লাহ, এটি একটি সত্য স্বপ্ন।”
এরপর রাসুল (সা.) আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.)-কে নির্দেশ দেন, তিনি যেন হযরত বেলাল (রা.)-কে স্বপ্নের বাক্যগুলো শিখিয়ে দেন, কারণ বেলালের কণ্ঠস্বর ছিল জোরালো ও সুমধুর। নবীজির (সা.) নির্দেশনা অনুযায়ী, আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.) বলতে থাকেন এবং হযরত বেলাল (রা.) তার উচ্চ ও সুরেলা কণ্ঠে সেই বাক্যগুলো দিয়ে আজান দেন। মদিনার আকাশে-বাতাসে প্রথমবারের মতো ধ্বনিত হয়—‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার...’।
এই আজানের শব্দ শুনে হযরত ওমর (রা.) দৌড়ে এসে রাসুল (সা.)-কে জানান যে, তিনিও একই স্বপ্ন দেখেছেন। এতে নবীজি (সা.) অত্যন্ত আনন্দিত হন। (আবু দাউদ: ৪৯৯)এই হাদিসের ওপর ভিত্তি করে অধিকাংশ আলেম ও ইতিহাসবিদ একমত যে, ইসলামের প্রথম আজান মদিনায় হয়েছিল এবং প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল ইবনে রাবাহ (রা.)। এটিই সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ বর্ণনা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন