অক্টোবর ১৭, ২০২৫, ১০:৪৪ এএম
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ইমানের পরেই নামাজের স্থান। নামাজকে দ্বীনের খুঁটি হিসেবে অভিহিত করা হয়েছে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এই দিনের ইবাদতকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। তবে, এই নামাজের ফজিলত) যেমন অসামান্য, তেমনি কোনো ওজর বা কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে তা ত্যাগ করার পরিণতিও অত্যন্ত ভয়াবহ।
রাসুলুল্লাহ (সা.) জুমার নামাজ আদায়ে গাফিলতি করার বিষয়ে উম্মতকে কঠোরভাবে সতর্ক করেছেন। হাদিস শরিফে এসেছে, “যে ব্যক্তি অবহেলা করে পরপর তিনটি জুমা ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেবেন।” (তিরমিজি: ৫০০)। অন্তরে মোহর মেরে দেওয়ার অর্থ হলো, তার অন্তর থেকে ভালো-মন্দ বোঝার এবং সত্য গ্রহণ করার ক্ষমতা ধীরে ধীরে লোপ পাবে।
সে হেদায়েত থেকে দূরে সরে যাবে এবং তার জন্য সৎপথে ফিরে আসা কঠিন হয়ে পড়বে।অন্য এক বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি কোনো কারণ ছাড়া পরপর তিনটি জুমা পরিত্যাগ করবে, সে ইসলামকে যেন পেছনের দিকে নিক্ষেপ করল।” (মুসলিম)। সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ করাকে কুফরির সমতুল্য মনে করতেন।
হযরত উমর (রা.) বলতেন, “নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের।”তবে ইসলামে অপারগ ব্যক্তিদের জন্য বিধান শিথিল করা হয়েছে। হাদিস অনুযায়ী, চার শ্রেণির মানুষের জন্য জুমার নামাজে অংশ নেওয়া বাধ্যতামূলক নয় এবং তারা জুমা ত্যাগ করলে গুনাহগার হবেন না। তারা হলেন—ক্রীতদাস, নারী, অপ্রাপ্তবয়স্ক বালক এবং মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)।
এই বিশেষ কয়েকজন ছাড়া, সুস্থ, প্রাপ্তবয়স্ক এবং মুকিম (স্থায়ী বাসিন্দা) সকল পুরুষের ওপর জুমার নামাজ আদায় করা ফরজ। কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া এই নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ বা মহাপাপ, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন