অক্টোবর ২৮, ২০২৫, ০৩:২৭ পিএম
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবার বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। তরুণ এই ক্বারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার উস্তাদ ও ঢাকার মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমদ আন-নাছিরী।
হাফেজ ত্বকীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার আরও অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই হাফেজের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছিলেন। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনি ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। পরবর্তী সময়ে তিনি কুয়েত এবং বাহরাইনে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।
মেধাবী এই হাফেজের অকাল মৃত্যুতে দেশের ধর্মীয় অঙ্গন ও ক্বিরাত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শিক্ষক, সহপাঠী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন। অল্প বয়সেই কোরআনের খেদমতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন