রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুনর্ভবা তীরে ছট পূজা ভক্তদের মিলনমেলা ও উৎসব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৬:৫০ পিএম

পুনর্ভবা তীরে ছট পূজা ভক্তদের মিলনমেলা ও উৎসব

ছবি-দিনাজপুর টিভি

স্বামী, সন্তান ও সংসারের মঙ্গল কামনায় সূর্য দেবতার কৃপালাভের আশায় দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা। স্থানীয়ভাবে এটি ছট পূজা নামে পরিচিত।প্রতিবছর কালীপূজার পর শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে দুই দিনব্যাপী এই পূজা উদযাপন করা হয়।

এ বছর সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পুনর্ভবা নদীর তীরে পূজা শুরু হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়।ছট পূজাকে কেন্দ্র করে পুনর্ভবা নদীর তীর হিন্দু ধর্মাবলম্বী সব বয়সি নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়। ঢাকঢোলের তালে মুখরিত ছিল পূজাস্থল। আলোকসজ্জাসহ কিশোর-কিশোরীদের নানা রকম আতশবাজি ও পটকায় আলোকিত ছিল পূজা এলাকা। নদীর তীরে বিভিন্ন খেলনা ও খাবারের দোকানও বসে।

পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের উপবাস থাকা নারীরা নিজ নিজ বাড়ি থেকে কুলায় বিভিন্ন ফলমূল, মিষ্টি, মিষ্টান্ন ও আটার তৈরি ঠেকুয়াসহ নানা প্রসাদ সাজিয়ে আনেন। সোমবার বিকেলে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোসল এবং কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করেন। সূর্যাস্তের পর তারা বাড়ি ফিরে যান।

পরদিন মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু করেন তারা। সূর্যোদয়ের পর সূর্যকে প্রণাম, নদীতে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী পূজার সমাপ্তি ঘটে।প্রসাদ অর্পণ শেষে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পুরোহিত শ্রী সুদামা উপাধ্যায় বলেন, "ছট পূজা মূলত অবাঙালি হিন্দু ধর্মাবলম্বী নারীরা স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য দেবের কৃপা লাভের আশায় করে থাকেন। এই সূর্য পূজা ভগবান শ্রী রামের স্ত্রী মাতা সীতা এবং পার্বতী দেবীও পালন করেছিলেন।"