নভেম্বর ১২, ২০২৫, ১০:০০ এএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মঙ্গলবার থেকে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এশিয়ান এই দুই প্রতিবেশীর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের সতীর্থদের কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
সিরিজের আগে তিনি দলের জয়ের ধারা অব্যাহত রাখার এবং প্রত্যেক খেলোয়াড়কে নিজ নিজ পারফরম্যান্সের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অধিনায়ক হিসেবে এটি শাহিন আফ্রিদির দ্বিতীয় সিরিজ। এর আগে তার নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান।
সেই জয়ের মোমেন্টাম বা গতি এই সিরিজেও ধরে রাখতে চান তিনি। আফ্রিদি বলেন, "ফয়সালাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের লক্ষ্য সেই জয়ের ধারা অব্যাহত রাখা। আমাদের প্রতিটি বিভাগে উন্নতি করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে।"শাহিন আফ্রিদি দলের সিনিয়র খেলোয়াড়দের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর ওপর জোর দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "দলের সব খেলোয়াড়কেই দায়িত্ব নিতে হবে।
এটা শুধু শাহিন, ফখর জামান, বাবর আজম বা সায়েম আইয়ুবের কাজ নয়; আমাদের সবারই সেরাটা দিতে হবে। এমনকি যারা পারফর্ম করতে পারছে না, তাদের পাশে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা দল হিসেবে ভালো করতে পারি।"
অন্যদিকে, শ্রীলঙ্কাও বেশ ভালো ফর্মে রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা স্বীকার করেছেন যে পাকিস্তানের মাটিতে তাদের হারানো কঠিন হবে, তবে নিজের দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে তিনি আশাবাদী। রাওয়ালপিন্ডিতে আজ শুরু হতে যাওয়া এই সিরিজটি এশিয়ার ক্রিকেটে আধিপত্য বিস্তারের জন্য উভয় দলের কাছেই গুরুত্বপূর্ণ।
পাকিস্তান স্কোয়াড: শাহিন আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আগা।
শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চমিরা, আশিথা ফার্নান্ডো, প্রমোদ মাদুশান, এশান মালিঙ্গা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন