নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪৩ এএম
ফুটবল মহাতারকা লিওনেল মেসির ব্যক্তিগত আকাঙ্ক্ষা কোথায় নিহিত, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এসেছে। তিনি ব্যক্তিগত স্বীকৃতি ব্যালন ডি’অর এর চেয়ে দেশের হয়ে আরও একবার বিশ্বকাপ জয়ের বাসনা প্রকাশ করেছেন।
জনপ্রিয় ফুটবল পেজ ‘৪৩৩’ আয়োজিত একটি দ্রুত প্রশ্নোত্তর পর্বে বা পিং পং খেলায় অংশ নিয়ে আর্জেন্টিনার এই অধিনায়ক ফুটবল এবং জীবনের নানা দিক নিয়ে চমকপ্রদ উত্তর দেন।
প্রশ্নোত্তরের শুরুতেই মেসিকে কঠিনতম প্রশ্নের মুখোমুখি হতে হয়: “আরও একবার বিশ্বকাপ জেতা, নাকি আরেকটি ব্যালন ডি’অর?” আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল কিংবদন্তি উত্তর দিতে এক মুহূর্তও দেরি করেননি।
তিনি সরাসরি বলেন, “বিশ্বকাপ!” এই উত্তরেই পরিষ্কার হয় যে দলীয় গৌরব এবং দেশের জার্সিতে শিরোপা জয়ের স্বপ্নই তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায়। ব্যক্তিগত পুরস্কারের চেয়েও তার কাছে দেশের অর্জন মূল্যবান।এই ঝটপট সাক্ষাৎকারের ফাঁকে উঠে আসে তার জীবনের আরও কিছু মজার দিক। মেসি জানান, তার কাছে হ্যাটট্রিক করার চেয়ে দলকে জেতানো একমাত্র গোলটির মূল্য অনেক বেশি।
তিনি মিয়ামির চেয়ে বার্সেলোনার আবহাওয়াকে বেশি পছন্দ করেন বলেও মন্তব্য করেন। এছাড়াও মাঝমাঠ থেকে গোল করার চেয়ে সরাসরি কর্নার থেকে গোল করা বা অলিম্পিক গোল তার কাছে অনেক বেশি রোমাঞ্চকর বলে তিনি মন্তব্য করেন।সবচেয়ে কৌতুহল জাগানো উত্তরটি আসে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তাকে জিজ্ঞেস করা হয়, খেলা ছাড়ার পর তিনি কোচ হতে চান নাকি ক্লাবের মালিক? জবাবে মেসি স্পষ্টভাবে জানান, “আমি ক্লাবের মালিক হতে চাই।
এই মন্তব্যের মাধ্যমে তার ভবিষ্যৎ লক্ষ্যের এক ঝলক পাওয়া যায়। উল্লেখ্য, তিনি ইতোমধ্যে বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে উরুগুয়ের ক্লাব ডেপোর্তিভো এলএসএম-এর মালিকানায় যুক্ত হয়েছেন। বর্তমানে এই তারকা অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন