নভেম্বর ২২, ২০২৫, ১১:৫৭ এএম
চলমান নারী কাবাডি বিশ্বকাপে থাইল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ দল থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারায়।
এই জয় বাংলাদেশের জন্য বিশ্বকাপে এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে রেইড বেছে নেয় থাইল্যান্ড। তারা থানিয়ালাক বেনরিথের বোনাস পয়েন্ট দিয়ে খেলা শুরু করে।
দ্বিতীয় রেইড থেকেই শ্রাবণী মল্লিক বোনাস পয়েন্টের মাধ্যমে বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন। পরের রেইডে শ্রাবণী একজনকে মেরে আসেন।
শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে মেইবি চাকমা বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো লিড এনে দেন। ম্যাচটি চলতে থাকে সমান তালে—রেখা আক্তারির ট্যাকল মিস এবং ফিরতি রেইড থেকে বৃষ্টি বিশ্বাসের পয়েন্ট নিয়ে আসার মধ্য দিয়ে। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়তে হলেও শ্রাবণী মল্লিকের লড়াকু মনোভাব দলটিকে অনুপ্রেরণা যোগায়। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে মেরে আসলে আবারও লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে মাঝ বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউটে করে বাংলাদেশ ১৮-১৩ পয়েন্টে এগিয়ে যায়। পরে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে বাংলাদেশ ৩১-১৮ পয়েন্টে শক্তিশালী লিড নেয়। শেষ পর্যন্ত ৪০-৩১ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যায় স্বাগতিকরা এবং নিশ্চিত হয় তাদের প্রথম পদক। এর আগে, বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে।
দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। যদিও তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে মাঠ ছাড়তে হয়েছিল, কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে এই জয় বাংলাদেশের অবস্থানকে সুসংহত করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন