ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:১৯ পিএম
দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট পরিয়েছিলেন লিওনেল মেসি। এরপর পেরিয়ে গেছে বেশ কিছু সময়। ৩৮ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে জাদুকরী ফুটবল উপহার দিয়ে চলেছেন তিনি।
তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন—আসন্ন ২০২৬ বিশ্বকাপে কি মাঠে দেখা যাবে এই ফুটবল জাদুকরকে?সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন মেসি।
তিনি জানান, সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করলেও ২০২৬ বিশ্বকাপে তিনি থাকতে চান। যদি খেলোয়াড় হিসেবে সম্ভব না হয়, তবে অন্তত দর্শক হিসেবে গ্যালারিতে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
মেসি বলেন, ‘আশা করি আমি বিশ্বকাপে থাকতে পারব। আগেও বলেছি, সেখানে আমি ভীষণভাবে থাকতে চাই। কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে। তিনি আমাকে যেকোনো ভূমিকাতেই দলের সঙ্গে চান। যদি পরিস্থিতি খুব প্রতিকূল হয় এবং খেলতে নাও পারি, অন্তত মাঠে দর্শক হিসেবেই দেখব। সেটিও হবে এক বিশেষ অনুভূতি।’বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সতীর্থদের ওপর ভরসা রেখে এবং স্কালোনির অধীনে আবারও সোনালী ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন মেসি।
দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে সবার মধ্যে যে উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি পুরোপুরি বিজয়ীদের দল। অনুশীলনে ওদের দেখলেই বোঝা যায়, তারা নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।’তবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয় যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল কিংবা জার্মানির মতো শক্তিশালী দলগুলোর উদাহরণ টেনে তিনি জানান, বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর জন্য সবাই মুখিয়ে থাকে। তাই আগামী পথচলা বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন