রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১২:১১ পিএম

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই ইউরোপের বড় বড় দলগুলোর নজর কেড়েছেন হামজা। মিশরের তরুণ এই ফরোয়ার্ডের পুরো নাম হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক টুর্নামেন্টে তার অবিশ্বাস্য পারফরম্যান্স স্প্যানিশ ক্লাবগুলোর নজরে এনেছে এই তরুণ তুর্কিকে।

হামজাকে দলে ভেড়াতে যতগুলো দল আগ্রহ প্রকাশ করেছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। স্পেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কাতালান ক্লাবটি চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চাচ্ছে।

বয়স কম হওয়ায় তারা তাকে প্রথমে ধারে এবং পরবর্তী সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ীভাবে কিনে নিতে আগ্রহী।

বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দিতে হামজারও তর সইছে না। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার আশায় তিনি বায়ার্ন মিউনিখ এবং এসি মিলানের মতো ক্লাবের বিপক্ষেও আলোচনা বন্ধ করে দেন। বার্সা তাকে আগামী মৌসুমের আগে দলের সঙ্গে প্রাক-মৌসুমে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি হলেও চাইছে একটি ভালো আর্থিক কাঠামো।

মিসরীয় ক্লাবটি বার্সার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশও নিজেরা ধরে রাখার চেষ্টা করছে। সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সার স্কাউটরা হামজার সন্ধান পান। সামনের বছরই ১৮ বছরে পা রাখবেন হামজা, ফলে বয়সজনিত কোনো ঝামেলা ছাড়াই তাকে দলে ভেড়াতে পারবে কাতালান ক্লাবটি। আন্তর্জাতিক খেলাধুলার এই খবর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।