ডিসেম্বর ১০, ২০২৫, ১০:১২ এএম
লা লিগার টেবিলের শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাব বার্সেলোনার অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। তাই শেষ ষোলোতে সরাসরি জায়গা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচেই জয়ের বিকল্প ছিল না গেল আসরের সেমিফাইনালিস্টদের সামনে।
সেই পথে এবার আরেকটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল। তাদের জয়ের নায়ক ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্দে, যার মাত্র তিন মিনিটের ঝোড়ো পারফরম্যান্সে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা।
৬ ম্যাচে ৩ জয়, এক হার ও দুই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে হান্সি ফ্লিকের দলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। অন্যদিকে ৬ ম্যাচে চার হার নিয়ে ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট সংগ্রহ করে ৩০ নম্বরে আছে।বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের ২১তম মিনিটেই গোলের জন্য প্রথম শট নিয়ে ব্যবধান গড়ে সফরকারীরা। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে নিচু শটে জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন আন্সগা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। অবশেষে ৫০তম মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রসে হেডে গোল করে দলের হয়ে সমতা টানেন কুন্দে। কুন্দে ম্যাজিক এরপর থামেনি। মিনিট তিনেকের মধ্যেই অর্থাৎ ৫৩তম মিনিটে আবার কুন্দে ম্যাজিক। এবার প্রতিভাবান লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে ব্যবধান ২-১ করেন বার্সার এই ফরাসি ডিফেন্ডার। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।কুন্দের এই জোড়া গোল শুধু বার্সাকে জয় এনে দেয়নি, চ্যাম্পিয়ন্স লিগে তাদের টিকে থাকার আশা আরও জোরালো করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন