ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৪৫ পিএম
চার মাসের ব্যবধানে ফিফা র্যাংকিংয়ে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো বাংলাদেশ নারী ফুটবল দলকে। গত আগস্ট মাসে ২৪ ধাপ এগিয়ে যাওয়া ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকাররা ফিফা কর্তৃক প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে এবার পিছিয়েছেন ৮ ধাপ।
এর ফলে ফিফার প্রকাশিত তালিকায় বাংলাদেশের নারী ফুটবল দলের অবস্থান এখন ১১২ নম্বরে। এর আগে তাদের অবস্থান ছিল ১০৪ নম্বরে। বাংলাদেশের নতুন রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৬৭.৬১১-এ।
র্যাংকিংয়ে এই অবনতির পেছনে মূলত বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সই দায়ী। গত চার মাসের মধ্যে নারী দল মোট চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং প্রতিটিতেই পরাজিত হয়েছে।
ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে তারা মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে পরাজিত হওয়ার পর আজারবাইজানের কাছে হেরে যায় ২-১ ব্যবধানে। এর আগে গত অক্টোবর মাসে থাইল্যান্ডের বিপক্ষে খেলা দুটি প্রীতি ম্যাচেও ঋতুপর্ণারা যথাক্রমে ৩-০ ও ৫-১ গোলের তিক্ত স্বাদ পান।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ এখনও ভারত ও নেপালের চেয়ে পিছিয়ে আছে। ৬৭ নম্বর নিয়ে ভারত এই অঞ্চলে শীর্ষে রয়েছে, আর নেপালের অবস্থান ৮৯ নম্বরে। এদিকে, এশিয়া মহাদেশের মধ্যে জাপান ৮ নম্বরে থেকে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। সবমিলিয়ে বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন