বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চূড়ান্ত প্রতিপক্ষ

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এক সংবাদ সম্মেলনে প্রস্ততি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ২ ও ৪ ফেব্রুয়ারি যথাক্রমে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ফাহিম বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালুরু যাবো। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’ ভারতে যাওয়ার আগে দেশের মাটিতে ২-৩ দিনের একটি সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে বিসিবির।

বিশ্বকাপে বাংলাদেশের কঠিন গ্রুপ: এবারের বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’ বা তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে টাইগারদের লড়তে হবে শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল হলো নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।

বিশ্বকাপে বাংলাদেশের মূল সূচি:

  • ৭ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (উদ্বোধনী দিন)।

  • ৯ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ ইতালি (সকাল ১১টা)।

  • ১৪ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ ইংল্যান্ড।

  • ১৭ ফেব্রুয়ারি: প্রতিপক্ষ নেপাল (সন্ধ্যা ৭টা)।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইটে জায়গা করে নেবে। ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল।