ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৪২ পিএম
২০২৫ সালের সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাংকিংয়ের নতুন তালিকা হালনাগাদ করেছে। এই তালিকায় ১৮০তম স্থানটিই ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মূলত গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০তম স্থানে উঠে এসেছিল, ডিসেম্বরের হালনাগাদেও সেই অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। ম্যাচ না থাকায় শীর্ষ সারির দেশগুলোর অবস্থানেও কোনো বড় পরিবর্তন আসেনি।
র্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত থাকলেও বাংলাদেশের রেটিং পয়েন্টে সামান্য নড়চড় লক্ষ্য করা গেছে। নভেম্বর মাসে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯১১.১৯, যা ডিসেম্বরে সামান্য কমে দাঁড়িয়েছে ৯১১.১০-এ।
মূলত নভেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের ফলাফলের প্রভাবে এই সামান্য পরিবর্তন হয়েছে। নেপালের সাথে একটি ম্যাচ ২-২ গোলে ড্র করায় তাদের পয়েন্ট কিছুটা বেড়েছে (৯০২.৪৪ থেকে ৯০২.৫২), যদিও তাদের অবস্থান আগের মতোই ১৮১তম রয়েছে। তালিকায় বাংলাদেশের ঠিক ওপরে ১৭৯তম স্থানে রয়েছে কম্বোডিয়া (৯১১.৫৪ পয়েন্ট)।বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ পর্যায়েও আধিপত্য বজায় রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান ধরে রেখেই বছর শেষ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শীর্ষ পাঁচের বাকি দেশগুলো হলো যথাক্রমে ফ্রান্স (তৃতীয়), ইংল্যান্ড (চতুর্থ) এবং ব্রাজিল (পঞ্চম)।
এশিয়ার দেশগুলোর মধ্যে এবার চমক দেখিয়েছে ভিয়েতনাম, তারা তিন ধাপ এগিয়ে ১০৭ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার, তারা পাঁচ ধাপ পিছিয়ে এখন ১২১তম স্থানে অবস্থান করছে।বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট আগামী মার্চ মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। সেই ম্যাচগুলোতে ভালো ফলাফল করতে পারলে র্যাংকিংয়ে আরও উন্নতির সুযোগ থাকবে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের সামনে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন