জানুয়ারি ৫, ২০২৬, ১০:২৩ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে উড়ছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিক নৈপুণ্যে এবার চট্টগ্রাম কিংসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল দলটি। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৪ জয় ও ৮ পয়েন্ট নিয়ে টেবিলের একক শীর্ষে উঠে এলো রংপুর।
১৭০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রংপুরকে ঝোড়ো সূচনা এনে দেন কাইল মায়ার্স। এবারের বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ২৩ বলে ৫০ রান করেন এই ক্যারিবিয়ান তারকা।
৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো তাঁর এই ইনিংসটি জয়ের ভিত গড়ে দেয়। ওপেনিংয়ে ডেভিড মালানও ৩০ রানের কার্যকরী ইনিংস খেলেন।
মাঝপথে চট্টগ্রামের বোলাররা ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করলেও মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাদের। আগের দুই ম্যাচের ছন্দ ধরে রেখে এদিনও ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। ১৭তম ওভারে আমের জামালকে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ২০ রান তুলে নিয়ে সমীকরণ সহজ করে দেন তিনি। সঙ্গী হিসেবে খুশদিল শাহ খেলেন ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অ্যাডাম রসিংটনের টানা তৃতীয় ফিফটিতে (৫৮) ভর করে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৬ রান করেন পাকিস্তানি ব্যাটার হাসান নওয়াজ। রংপুরের পক্ষে বল হাতে মুস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ ২টি করে উইকেট নেন। ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সেরা বোলার ছিলেন শরীফুল ইসলাম।
৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম কিংস। মাহমুদউল্লাহ রিয়াদের এমন অতিমানবীয় ফর্ম রংপুরের সমর্থকদের শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন